সর্বোচ্চ ৪০০৮ জনের করোনা শনাক্তের দিনে মৃত ৪৩
মেডিভয়েস রিপোর্ট: মরণব্যাধী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৩ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট ১ হাজার ৩০৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আরও চার হাজার ৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৮ হাজার ৪৮৯ জনে।
আজ বুধবার (১৭ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
এতে ঢাকাসহ সারাদেশের ৬১টি ল্যাবের নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আরও ১৮ হাজার ৯২২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭ হাজার ৫২৭টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো পাঁচ লাখ ৫১ হাজার ২৪৪টি। নতুন নমুনা পরীক্ষায় আরও চার হাজার আটজনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯৮ হাজার ৪৮৯ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪৩ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ৩০৫ জনের।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৯২৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩৮ হাজার ১৮৯ জন।
প্রসঙ্গত, দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে ক্রমাগত বেড়ে চলেছে এর সংখ্যা। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৯৮ হাজার ৪৯৮ জন। মারা গেছেন ১,৩০৫ জন। সুস্থ হয়েছেন ৩৮ হাজার ১৮৯ জন।
এর আগে গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এরপর তা পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৮১ লাখ ৭৬ হাজার ২৯৬ জন। মৃতের সংখ্যা চার লাখ ৪৩ হাজার ৭৬৫ জন। সুস্থ হয়েছেন ৩৯ লাখ ৫৬ হাজার ৫৩৭ জন।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪